এলপি গ্যাসের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বিইআরসির।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৩১ টাকা, যা পূর্বের চেয়ে ১৯ টাকা কম।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, মে মাসের জন্য সরকারি সাড়ে ১২ কেজির বোতলজাত এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ৮২৫ টাকা। পাশাপাশি, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৮৪ পয়সা কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের মে মাসের সিপি মূল্য অনুযায়ী—প্রোপেন প্রতি টন ৬১০ ডলার ও বিউটেন ৫৯০ ডলার ধরা হয়েছে। ৩৫:৬৫ অনুপাতে গড়ে প্রতি টন গ্যাসের দাম ৫৯৭ ডলার ধরে এই সমন্বয় করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রাখতে ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসেই সৌদি সিপির ভিত্তিতে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনঃনির্ধারণ করে আসছে বিইআরসি। গত এপ্রিল মাসে এলপিজির দাম অপরিবর্তিত ছিল, তবে মার্চে ১২ কেজির সিলিন্ডারের দাম ২৮ টাকা কমানো হয়েছিল।
মতামত দিন