জাতীয়
ছবি: সংগৃহীত

এক সপ্তাহে কমেছে পেঁয়াজ-রসুন-আদাসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম।

দিনাজপুরের হিলি বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ ও জিরাসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় এ পরিবর্তন ঘটেছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।

এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

রোববার (৪ মে) সকালে হিলির বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজের দাম কেজিতে ২ টাকা কমে দাঁড়িয়েছে ৪৮ টাকায়। রসুন ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকায়, আদা ২০ টাকা কমে ৮০ টাকা, শুকনো মরিচ ১০০ টাকা কমে ২০০ টাকা এবং জিরা ১০ টাকা কমে ৬১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারে আসা আমজাদ সাহেব বলেন, কোরবানির ঈদ সামনে রেখে পেঁয়াজ, রসুন, আদাসহ বেশ কিছু মসলার চাহিদা বাড়ে। তাই এখনই কিছু পণ্যের দাম কমায় স্বস্তি পাচ্ছি। তবে জিরা, রসুন ও ডিমের দাম এখনও তুলনামূলক বেশি। সরকারকে বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে যাতে কেউ অস্থিরতা তৈরি করতে না পারে।

খুচরা বিক্রেতা নাহিদ মাহমুদ বলেন, ঈদ সামনে রেখে পণ্যের সরবরাহ ভালো। ফলে দাম বাড়ার সম্ভাবনা কম। তবে দেশি পেঁয়াজের দাম বাড়লে ব্যবসায়ীদের ভারত থেকে আমদানির সুযোগ দিতে হবে। বর্তমানে বাজার নিয়ন্ত্রণে আছে এবং আমরা কম দামে পণ্য কিনে সেভাবেই বিক্রি করছি।

হিলি কাস্টমস সূত্র জানায়, গত তিন দিনে এই স্থলবন্দর দিয়ে প্রায় ৫০০ মেট্রিক টন জিরা ও ১০০ মেট্রিক টন আদা আমদানি হয়েছে।

মতামত দিন