বিশ্ব গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: দাবি তথ্য উপদেষ্টার।
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের ১৬ ধাপ অগ্রগতিকে ‘সরকারি হস্তক্ষেপমুক্ত গণমাধ্যম পরিবেশের’ ফল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্’ প্রকাশিত ২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে বাংলাদেশের অগ্রগতি নিয়ে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সরকার এখন গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করছে না।
তিনি আরও বলেন, “কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানকে সরকার এখন আর ফোন করে কোনো নির্দেশনা দেয় না। আমরা চাই গণমাধ্যম নিজের গতিতে চলুক, শক্তিশালী হোক। তাই এ খাতে স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর সূচকে আরও উন্নতি হবে বলে আশা করছি।”
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ৩ মে প্যারিসভিত্তিক সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্’ ২০২৫ সালের সূচক প্রকাশ করে। সেখানে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে ১৪৯তম। ২০২৪ সালে বাংলাদেশ ছিল ১৬৫তম অবস্থানে। সূচকে দেখা যায়, এ বছর বাংলাদেশের স্কোর ৩৩.৭১, যা গত বছর ছিল ২৭.৬৪।
তবে দীর্ঘমেয়াদে এই সূচকে বাংলাদেশের চিত্র ভিন্ন। আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার সময় বাংলাদেশের অবস্থান ছিল ১২১তম, অর্থাৎ ১৫ বছরে সার্বিকভাবে বাংলাদেশ সূচকে ৪৪ ধাপ পিছিয়েছে।
এ বছর প্রতিবেশী ভারতের অবস্থান ১৫১তম—বাংলাদেশের দুই ধাপ নিচে।
মতামত দিন