জাতীয়
ছবি: সংগৃহীত

আফতাবনগরে কুরবানির পশুর হাট স্থগিত করলো হাইকোর্ট।

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হাট ইজারার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিও বাতিল করেছেন আদালত।

রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই নির্দেশনা দেওয়া হয়।

রিটে বলা হয়, আফতাবনগর একটি নির্ধারিত আবাসিক এলাকা এবং এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ৩৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত। অথচ দক্ষিণ সিটি করপোরেশন সেখানে পশুর হাট বসানোর উদ্যোগ নেয়, যা প্রশাসনিক ও আইনগতভাবে সঠিক নয়। এ ছাড়া বিচারপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করায় এলাকায় হাট বসালে জনদুর্ভোগ ও পরিবেশদূষণের শঙ্কা রয়েছে।

এ বিষয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে বলেন, “এই এলাকায় হাট বসানোর বিষয়ে আগেও আদালত স্থগিতাদেশ দিয়েছিলেন। এবারও একই অবস্থান নিয়েছেন হাইকোর্ট।”

এর আগে ২১ এপ্রিল ডিএসসিসি আফতাবনগরসহ ১১টি অস্থায়ী হাট বসাতে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২৪ এপ্রিল এর বিরুদ্ধে রিট করেন আইনজীবী আকন্দ। আদালতের নির্দেশে এবার আফতাবনগরে কোরবানির হাট বসছে না।

মতামত দিন