জাতীয়
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষায় পুনরায় পরীক্ষা ও বৃত্তি চালুর ঘোষণা।

প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় পরীক্ষা চালু এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (৩ মে) লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “প্রাথমিক স্তরে ন্যূনতম সাক্ষরতা নিশ্চিত করা মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য। শিশুদের মাতৃভাষায় সাবলীলভাবে কথা বলা, পড়া ও লেখা শেখানোর পাশাপাশি গাণিতিক দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে।”

শিক্ষকদের ‘জাতির পথপ্রদর্শক’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, একজন শিক্ষকই শিশুদের জীবনগঠনে মুখ্য ভূমিকা পালন করেন। প্রধান শিক্ষকদের বিদ্যালয় পরিচালনায় নেতৃত্বের ভূমিকায় সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদসহ অন্যান্য শিক্ষা কর্মকর্তারা।

উপদেষ্টা আরও বলেন, যৌক্তিক দাবি বাস্তবায়নে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ। শূন্যপদ পূরণ ও অবকাঠামো উন্নয়নে কিছু সমস্যার কথা স্বীকার করলেও তিনি জানান, ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাশাপাশি বিতর্ক, দেয়ালিকা উৎসব ও চিত্রাঙ্কনের মতো সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সভা শেষে উপদেষ্টা জেলা প্রশাসন কার্যালয়ের গ্রন্থাগার পরিদর্শন করেন এবং প্রাঙ্গণে আয়োজিত ভ্রাম্যমাণ বইমেলার স্টল ঘুরে দেখেন।

মতামত দিন