জাতীয়
ছবি: সংগৃহীত

দুই দিন পর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তাকর্মীর মৃতদেহ উদ্ধার।

রাজধানীর খিলগাঁও থানাধীন সিপাইবাগ ভূঁইয়াপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে মো. রাজন ইসলাম দীপু (২৫) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে।

শনিবার (৩ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাজন ইসলামের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার অন্তর্গত। তার বাবা মৃত সিরাজ মিয়া। বর্তমানে তিনি খিলগাঁওয়ের সিপাইবাগ ভূঁইয়াপাড়া ২ নম্বর রোডের হাজী গলির একটি নির্মাণাধীন ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানেই বসবাস করতেন।

নিহতের ভাই কামরুল ইসলাম জানান, রাজনের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত বৃহস্পতিবার (১ মে) তিনি ওই তরুণীর সঙ্গে দেখা করতে যান এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে  ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে শুক্রবার খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার সকালে মরদেহ উদ্ধারের খবর পান তারা। কামরুলের দাবি, তার ভাইকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্র মোহন রায় জানান, সকাল ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে লিফটের খালি জায়গায় জমে থাকা পানির মধ্য থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহের মাথার পেছনে আঘাত, গলায় দাগ ও চোখে কালো চিহ্ন রয়েছে বলে জানান তিনি। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মতামত দিন