নরসিংদীর লটকন পেল ভৌগলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি।
অমৃত সাগর কলার পর এবার ভৌগলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পেয়েছে নরসিংদীর জনপ্রিয় ও স্বতন্ত্র ফল লটকন।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির রাষ্ট্রীয় অতিথি ভবন ‘সুগন্ধা’য় আয়োজিত জিআই পণ্যের নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরীর হাতে এই স্বীকৃতির সনদ তুলে দেওয়া হয়।
নরসিংদীর লটকনকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় জেলার প্রশাসনসহ সর্বস্তরের মানুষের মাঝে দেখা দেয় আনন্দ ও গর্বের আবেগ।
এর আগে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের (ইডিসি) সহায়তায় ২০২৩ সালে নরসিংদী জেলা প্রশাসন এ স্বীকৃতির জন্য আবেদন করে। দীর্ঘ যাচাই-বাছাই ও পর্যালোচনার পর শেষ পর্যন্ত নরসিংদীর লটকন ভৌগলিক নির্দেশক পণ্যের মর্যাদা অর্জন করে।
নরসিংদীর লটকন শুধু একটি জনপ্রিয় ফলই নয়; এটি জেলার ঐতিহ্যবাহী কৃষিপণ্যের অন্যতম প্রতিনিধি। স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণে ভরপুর এ ফল কয়েক বছর ধরে জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখছে এবং দেশজুড়ে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে নরসিংদীর অমৃত সাগর কলা ভৌগলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পায়।
মতামত দিন