চিন্ময়ের জামিন বিষয়ে আদেশ প্রত্যাহার, পরবর্তী শুনানি রোববার।
রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের হাইকোর্ট থেকে পাওয়া জামিন আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত যে আদেশ দিয়েছিলেন, তা প্রত্যাহার করেছেন চেম্বার বিচারপতি। একই সঙ্গে জামিন স্থগিতের আবেদনটি শুনানির জন্য আগামী রোববার (৪ মে) দিন ধার্য করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা জানান, “এটি একটি স্পর্শকাতর মামলা। একজন শিক্ষানবিশ আইনজীবী হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিল। সেই আবেদন প্রথমে মঞ্জুর হলেও পরে আসামিপক্ষের আবেদন বিবেচনায় চেম্বার আদালত পূর্বের আদেশ প্রত্যাহার করেছেন।”
এর আগে একই দিন হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন। এরপর তার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, “এই আদেশের ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।”
তবে জামিন আদেশের পরই সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনে জামিন স্থগিতের আদেশ দেন, যা পরে প্রত্যাহার করা হয়।
এর আগে গত ৩০ এপ্রিল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বিষয়ে রুল শুনানির দিন নির্ধারণ করেন হাইকোর্ট। তারও আগে ২৩ এপ্রিল রাষ্ট্রপক্ষ সময় চাওয়ায় শুনানি মুলতবি করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।
মতামত দিন