বায়ুদূষণ রোধে ঢাকায় ২০ বছরের বেশি পুরনো যানবাহন অপসারণে বিআরটিএ’র উদ্যোগ।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকায় ২০ বছরের বেশি পুরনো বাস, মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাক, কাভার্ডভ্যান ও মালবাহী যানবাহন অপসারণে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বুধবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, ‘ঢাকা মহানগরী থেকে পুরনো বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যান প্রভৃতি মোটরযান অপসারণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মে মাস থেকেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে। এ ক্ষেত্রে ২০ বছরের বেশি পুরনো যাত্রীবাহী যানবাহন এবং ২৫ বছরের বেশি পুরনো মালবাহী যানবাহন ঢাকা মহানগরী থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এই নির্দেশ বাস্তবায়নের মূল দায়িত্ব দেওয়া হয়েছে পরিবহন মালিকদের ওপর। তবে বাস্তবতা হচ্ছে, অতীতেও এই ধরনের উদ্যোগ নেওয়া হলেও পরিবহন মালিকদের বিরোধিতার কারণে তা কার্যকর হয়নি। বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীনেও একই ধরনের অনীহা লক্ষ্য করা যাচ্ছে, ফলে সিদ্ধান্তটি কতদূর বাস্তবায়ন সম্ভব হবে— তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
বিআরটিএ’র তথ্যমতে, বর্তমানে ঢাকাসহ সারা দেশে প্রায় ৭৫ হাজারের বেশি বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি আয়ুষ্কাল পার করে এখনো সড়কে চলছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এসব পুরনো যানবাহন রাজধানীর সড়কে যানজট ও দুর্ঘটনা বাড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণের অন্যতম প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে।
মতামত দিন