শ্রমিকদের অধিকার ও সম্মানের দাবিতে পালিত হলো মে দিবস।
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১ মে) সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিবসটি উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে এরই মধ্যে বক্তব্য রেখেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। তারা গত ১৫ বছরে ঘটে যাওয়া শ্রমিক নির্যাতনের ঘটনার বিচার দাবি করেন এবং শ্রমিকদের অধিকার, শ্রমবান্ধব আইন প্রণয়ন ও স্বাস্থ্য নিরাপত্তা বিমা চালুর ওপর গুরুত্বারোপ করেন।
শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ বলেন, "আমাদের কমিশনের সুপারিশগুলোতেই মে দিবসের চেতনার প্রতিফলন রয়েছে। অন্তর্বর্তী সরকার আসার পর শ্রমিকদের নিয়ে নতুন করে কাজ শুরু হয়েছে। সংশোধন হচ্ছে শ্রম আইন, দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান অধিদপ্তর গঠনের কাজও চলছে।"
অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশে শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত রয়েছে। চালু করা হয়েছে শ্রমিকদের জন্য হটলাইন, আর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহতদের দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
ঢাকাসহ দেশের প্রায় প্রতিটি জেলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হচ্ছে মহান মে দিবস। শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিবসটি উদযাপন করছে।
মতামত দিন