জাতীয়
ছবি: সংগৃহীত

রমনা বটমূলে ২০০১ সালের বোমা হামলার রায় ৮মে।

প্রায় দুই দশক আগে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের রায় ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (৮ মে)।

বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন।

রায় ঘোষণার আগে এদিন আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান, সরওয়ার আহমেদ ও মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

২০০১ সালের ১৪ এপ্রিল, পহেলা বৈশাখের সকালে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে রমনা বটমূলে চালানো হয় বোমা হামলা। ঘটনাস্থলেই প্রাণ হারান ৯ জন, হাসপাতালে মারা যান আরও একজন। ওই দিনই নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

তদন্ত শেষে ২০০৮ সালের ৩০ নভেম্বর দুটি মামলায় মোট ১৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সাক্ষ্য গ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে ২০১৪ সালের ২৩ জুন হত্যা মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং বাকি ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মুফতি আব্দুল হান্নান, মাওলানা আকবর হোসেন, আরিফ হাসান সুমন, মাওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মাওলানা আব্দুল হাই ও মাওলানা শফিকুর রহমান।

এর মধ্যে সিলেটের গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর হয়েছে।

মতামত দিন