জাতীয়
ছবি: সংগৃহীত

অটোরিকশা ধাক্কা দেওয়ার পর বাসের নিচে পড়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

রাজধানীর বনশ্রী এলাকায় বুধবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে এক মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন প্রাণ হারিয়েছেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, এফ ব্লকের মূল সড়কে ঘটে যাওয়া দুর্ঘটনার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল নোমান নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। ঠিক সেই সময় পেছন থেকে আসা মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।

এ ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল নোমান ঘটনাস্থলেই মারা যান। আহত পাভেলকে ফরাজী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে যান। অটোরিকশাচালকও দুর্ঘটনার পর পালিয়ে গেছেন।

নিহত আব্দুল আল নোমান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন এবং তিনি রাজধানীর শাহজাহানপুরে বসবাস করতেন। পুলিশ দুর্ঘটনাটি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে।

মতামত দিন