ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টাকা ভাংতি নিয়ে সংঘর্ষ, কুপিয়ে হত্যা একজনকে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
নিহতের নাম আজিজ মিয়া (৫২)। তিনি বাড্ডা গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩ এপ্রিল সলিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের যুবক ইসাক মিয়া ও এক দোকানদারের মধ্যে টাকা ভাংতি নিয়ে বিরোধের সূত্রপাত ঘটে। ওই ঘটনার জেরে সন্ধ্যায় বাড্ডা গ্রামের কিছু লোক বাড়াইল গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, আহত হন অন্তত ১০ জন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন আজিজ মিয়া। সংঘর্ষের মধ্যে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পরপরই পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ থানায় পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মতামত দিন