জাতীয়
ছবি: সংগৃহীত

কোরবানির ঈদের আগেই বাজারে আসছে নতুন নকশার নোট।

কোরবানির ঈদের আগে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন নকশার ব্যাংকনোট। বাংলাদেশ ব্যাংক জানায়, দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকার নোটে থাকবে গত বছরের জুলাইয়ে ঘটে যাওয়া রাজনৈতিক অভ্যুত্থানের প্রতীকী গ্রাফিতি, পাশাপাশি তুলে ধরা হবে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির চিত্রাবলি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সাধারণত নতুন নকশার নোট ছাপাতে এক থেকে দেড় বছর সময় লাগে। তবে গ্রাহকদের চাহিদা বিবেচনায় ঈদের আগেই কিছু নোট বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মোট ৯ ধরনের নতুন নোট ছাপানো হলেও, প্রাথমিক পর্যায়ে সবগুলোর সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না।

এদিকে, বাজারে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটের সংকট প্রকট আকার ধারণ করেছে। ফলে ছেঁড়া বা পুরোনো নোট পরিবর্তন করতে গিয়ে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন সাধারণ গ্রাহকরা। ব্যাংকগুলোতে এসব নোট বিনিময়ের প্রক্রিয়ায় জটিলতা থাকায় রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায় বাড়তি অর্থের বিনিময়ে এসব নোট পরিবর্তন করছেন অনেকে।

তবে বিভিন্ন ব্যাংকের ভল্টে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট মজুত থাকলেও, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কারণে তা গ্রাহকদের দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক পরিবর্তনের নয় মাস পেরিয়ে গেলেও এখনো বাজারে আসেনি নতুন নকশার নোট। গেল ঈদুল ফিতরেও বঙ্গবন্ধুর ছবিসংবলিত নোট বাজারে ছাড়া হয়নি, যার ফলে খোলাবাজারে বাড়ে পুরোনো নোটের চাহিদা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাজারে মোট ৩ লাখ ১ হাজার ৭৭৪ কোটি টাকার ইস্যুকৃত নোট ছিল। প্রতিবছর যেখানে ১৫০ কোটিরও বেশি নতুন নোটের চাহিদা থাকে, সেখানে টাকশাল সর্বোচ্চ ১২০ কোটি পিস ছাপাতে সক্ষম।

মতামত দিন