সায়মা ওয়াজেদের গুলশানের ফ্ল্যাট জব্দ, আদালতের নির্দেশে রিসিভার নিয়োগ.
ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত একটি অভিজাত ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
ওই দিন দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে একটি আবেদন দাখিল করেন, যাতে ফ্ল্যাটটি ক্রোক এবং রিসিভার নিয়োগের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত উক্ত আবেদন মঞ্জুর করে আদেশ প্রদান করেন।
আদালতে দাখিলকৃত দুদকের আবেদনে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তদন্ত চলাকালে তার গুলশানের এই স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া যায়। অভিযুক্ত যাতে উক্ত সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে না পারেন, সে জন্য তা ক্রোক করে রিসিভার নিয়োগ করা একান্ত জরুরি।
এর আগে, গত ৫ মার্চ একই আদালত সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত ‘সূচনা ফাউন্ডেশন’-এর নামে ১৪টি ব্যাংক হিসাবে থাকা মোট ৪৮ কোটি ৩৫ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেন। এছাড়াও বিভিন্ন সময়ে পুতুলসহ শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা অন্তত ১ হাজার ৬৫ কোটি ৭৮ লাখ ২২ হাজার ১১৮ টাকা অবরুদ্ধ করা হয়েছে ঢাকার আদালতের আদেশে।

মতামত দিন