জাতীয়
ছবি: সংগৃহীত

মধ্যরাত থেকে শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট, প্রস্তুত আশকোনা হজ ক্যাম্প।

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে আজ মধ্যরাত থেকে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সোয়া ২টায় সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে।

এরপর দ্বিতীয় ফ্লাইটটি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

হজযাত্রীদের পদচারণায় ইতোমধ্যে মুখর হয়ে উঠেছে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তি বা অভিযোগের খবর পাওয়া যায়নি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ৮৭ হাজার ১০০ জন হজে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন। ইতোমধ্যে প্রায় ৭৩ শতাংশ যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে।

অন্যান্য বছরের মতো এবারও হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন সম্পন্ন করা হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এতে করে সৌদি আরবে পৌঁছে তাদের দীর্ঘ সময় ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করতে হবে না।

আগামী ৩১ মে পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৮০টি এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইট পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ অনুযায়ী, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন