জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানীবাসী এমন তীব্র ভূমিকম্প আগে কখনো দেখেনি।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। সাম্প্রতিক বছরগুলোতে রাজধানীতে অনুভূত ভূমিকম্পগুলোর মধ্যে এটি ছিল অন্যতম তীব্র।

ভূমিকম্প শুরু হতেই অনেকেই বাসাবাড়ি ও কর্মস্থল থেকে বের হয়ে খোলা জায়গা বা রাস্তায় নেমে আসেন।

ভূমিকম্পের তীব্রতায় রাজধানীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। বাড্ডার বাসিন্দা মাজেদ হোসেন বলেন, “আমি বাসার নিচে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ রাস্তা কেঁপে উঠতে দেখি। এমন ভূমিকম্প আগে কখনো দেখিনি।” একইভাবে আজিমপুরের রিতু জানান, “অফিসে ডেস্ক হঠাৎ কেঁপে উঠতে দেখি। আতঙ্কে দৌড়ে নিচে নেমে যাই। আমার ২৪ বছরের জীবনে এমন কাঁপন দেখিনি।”

এরই মধ্যে পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ভূমিকম্প চলাকালে ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ জানান, নিহতদের পরিচয় সংগ্রহের কাজ চলছে।



মতামত দিন