ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের ওপারে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মহেশপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রোববার (২৭ এপ্রিল) সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে একটি মরদেহ দেখতে পান এবং বিজিবিকে জানায়। নিহত যুবকটির নাম ওবায়দুল (২৩), তিনি উপজেলার যাদবপুর সীমান্তবর্তী মধুপুর গ্রামের হানিফ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। তার পরিবার জানিয়েছে, গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের দাবি, বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে।
এদিকে ৫৮ বিজিবির কোম্পানি কমান্ডার কর্নেল রফিক জানান, ভারতের ২০০ গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ার খবর তারা পেয়েছেন। তবে সেটি বাংলাদেশি কি না তা নিশ্চিত করা সম্ভব হয়নি। বিএসএফের বরাত দিয়ে তিনি জানান, ভারতীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহের পরিচয় যাচাই-বাছাইয়ের পর জানা যাবে এটি বাংলাদেশি না ভারতীয়।
স্থানীয়রা জানান, রোববার ভোরে যাদবপুর গ্রামের ওপার থেকে গুলির শব্দ শোনা যায় এবং পরে সকালে তারা সীমান্তের কাছে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পান।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মরদেহ পড়ার খবর তাদের কাছে এসেছে, তবে সেটি বাংলাদেশি না ভারতীয় নাগরিকের মরদেহ তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
মতামত দিন