কাওরান বাজারে বোবা রফিক হত্যা, প্রধান আসামি সাদ্দাম গ্রেফতার।
রাজধানীর কাওরান বাজারে প্রকাশ্যে বোবা রফিককে কুপিয়ে হত্যার ঘটনায় মো. সাদ্দাম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, ২৩ এপ্রিল বেলা ১১টার দিকে রফিক কাওরান বাজারের একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ছিলেন। পূর্ব শত্রুতার কারণে সাদ্দাম ধারালো ছুরি দিয়ে রফিকের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় রফিককে হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এই ঘটনায় রফিকের নানী তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ দেখে সাদ্দামকে শনাক্ত করা হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
সাদ্দাম কাওরান বাজার এলাকার চিহ্নিত পকেটমার ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে তেজগাঁও ও হাতিরঝিল থানায় ছিনতাই, ডাকাতি এবং মাদক সংক্রান্ত সাতটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছিনতাইয়ের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। সাদ্দামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

মতামত দিন