জাতীয়
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে সহপাঠীর হামলায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

সিরাজগঞ্জের এনায়েতপুরে পরীক্ষার হলে সহপাঠীকে খাতা না দেখানোর ঘটনাকে কেন্দ্র করে ইমন হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী হত্যার শিকার হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইমন ইসলামপুর গ্রামের এমদাদুল হকের ছেলে। তিনি খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরিবারের দাবি, ১৭ এপ্রিল এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার সময় কয়েকজন সহপাঠী ইমনের খাতা দেখতে চেয়েছিল। ইমন তাতে রাজি না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন বিকেলে সহপাঠী রাব্বি ও রাজিম ইমনকে বাড়ি থেকে ডেকে নেয় এবং নির্জন স্থানে নিয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। আহত ইমন পরে স্বজনদের ফোন করে জানায়, তার ‘এক্সিডেন্ট’ হয়েছে।

পরিবারের সদস্যরা দ্রুত ইমনকে হাসপাতালে নিয়ে যান। সেখানে অস্ত্রোপচার করে তার মাথার ভেঙে যাওয়া খুলি জোড়া লাগানো হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হলে ইমনকে বাড়ি নেওয়া হয়। তবে শুক্রবার তার অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, মৃত্যুর আগে ইমন নিজ হাতে একটি চিরকুট লিখে যায়, যেখানে হামলাকারী রাব্বি ও রাজিমের নাম উল্লেখ ছিল।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানিয়েছেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন