হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা, প্রথম দিনে যাচ্ছেন ৪১৯ জন যাত্রী।
চলতি বছরের হজ ফ্লাইট আগামী মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ থেকে শুরু হচ্ছে। এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে হজে অংশগ্রহণকারীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১,৯০০ জন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। নির্বিঘ্ন হজযাত্রা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ মোট তিনটি এয়ারলাইনস প্রস্তুত রয়েছে। হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।
উল্লেখ্য, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ তারিখে, অর্থাৎ চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
বাংলাসহ ২০ ভাষায় অনূদিত হবে হজের খুতবা।
হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হলো আরাফাত ময়দানে প্রদত্ত খুতবা, যা ৯ জিলহজ মসজিদে নামিরা থেকে প্রচারিত হয়। এবারও এই খুতবা বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত হবে এবং তাৎক্ষণিকভাবে ২০টি ভাষায় অনুবাদ করে শোনানো হবে।
যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে, তা হলো: বাংলা, ফরাসি, মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালয়ালাম, ফিলিপিনো এবং জার্মান।

মতামত দিন