জাতীয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষ।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সংঘর্ষ হয়েছে। এ সময় চালকরা সড়ক অবরোধের পাশাপাশি কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টার পর থেকে শুরু হয় উত্তেজনা। চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, প্রায় দুই ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শতাধিক চালক কাপ্তাই রাস্তার মাথা থেকে বাহির সিগন্যালের দিকে অটোরিকশা নিয়ে জড়ো হন। পরে তারা সড়কে বসে পড়েন ও শ্লোগান দেন—অটোরিকশা জব্দের বিরুদ্ধে। পুলিশের সদস্যরা তখন থেকেই সেখানে অবস্থান করছিল। একপর্যায়ে পুলিশ চালকদের সরাতে চাইলে তারা ইট-পাটকেল ছুড়তে শুরু করেন। পরে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।

ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল আসলে চালকরা এলাকা ত্যাগ করেন বলে জানান স্থানীয়রা। সংঘর্ষ চলাকালীন কয়েকটি প্রাইভেট কার এবং যানবাহনেও ভাঙচুর হয়।

ওসি আফতাব উদ্দিন বলেন, “সড়ক অবরোধের চেষ্টা চলছিল, বাধা দিলে চালকরা ইটপাটকেল ছোঁড়ে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন সব স্বাভাবিক।”

তিনি আরও জানান, ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা নিষিদ্ধ করার নির্দেশনার অংশ হিসেবে নগরজুড়ে অভিযান চালানো হচ্ছে। গত তিন দিনে তিন হাজারেরও বেশি অটোরিকশা জব্দ করা হয়েছে।

মতামত দিন