চাপ দিয়ে ভিসি অপসারণ হলে মানবে না কুয়েট শিক্ষক সমিতি।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ড. মোহাম্মদ মাছুদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করে তাকে অপসারণের চেষ্টা হলে তা মেনে নেবে না বলে জানিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। একই সঙ্গে সব পক্ষের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে কুয়েটের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষক সমিতির নেতারা। এতে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনসহ অন্যান্য শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. আশরাফুল গণি ভূঁইয়া বলেন, “শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু আমাদের (শিক্ষকদের) সঙ্গে কোনো আলোচনা করেননি—এটা আমাদের কষ্ট দিয়েছে।”
তিনি অভিযোগ করেন, “অল্প কিছু শিক্ষার্থী মিছিল করলেই বলা হচ্ছে কুয়েট উত্তাল। অথচ এখানে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজারের বেশি।”
শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “শিক্ষকেরা রাজনৈতিক, এমন ট্যাগ দেওয়া হচ্ছে—যা খুবই দুঃখজনক। কিছু শিক্ষার্থী উপাচার্যকে মারধর করেছে, গায়ে থুতু দিয়েছে, এমনকি কয়েকজন শিক্ষককেও লাঞ্ছিত করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এর আগে, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরবর্তীতে ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
তবে ১৩ এপ্রিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ক্যাম্পাসে প্রবেশ করেন। ১৪ এপ্রিল রাতে অনুষ্ঠিত ১০১তম সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে ঘোষণা করা হয়, শিক্ষা কার্যক্রম ৪ মে এবং আবাসিক হলগুলো ২ মে থেকে পুনরায় চালু হবে।
এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা রাতেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। ১৫ এপ্রিল দুপুরে শিক্ষার্থীরা নিজেরাই একের পর এক হলে প্রবেশ করেন।
পরবর্তীতে উপাচার্যের পদত্যাগের দাবিতে তারা আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় ২১ এপ্রিল বিকেল থেকে কুয়েটের ছাত্র কল্যাণ পরিষদ চত্বরে শিক্ষার্থীরা অনশন শুরু করেছেন।

মতামত দিন