জাতীয়
ছবি: সংগৃহীত

সাগর-রুনি হত্যা মামলা তদন্ত নথি পুড়ে যাওয়ার দাবি,রাষ্ট্রপক্ষের।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত সংক্রান্ত নথিপত্র গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসে আগুনে পুড়ে গেছে—এমন তথ্য হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ তথ্য উপস্থাপন করা হয়।

এই তথ্য জানার পর আদালত মামলাটির তদন্ত সম্পন্ন করার জন্য তদন্ত সংস্থাকে আগামী ৬ মাস সময় দিয়েছে। আদালত স্পষ্টভাবে বলেন, “আশা করি এবার ন্যায়বিচার নিশ্চিত হবে এবং তদন্তের জন্য দেওয়া এবারের ছয় মাস মানেই ছয় মাস।”

এর আগে, ১৫ এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২১ মে দিন ধার্য করেছিলেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১১৭তম বারের মতো সময় পেল তদন্ত সংস্থা। ১৫ এপ্রিলও প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায়, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম নতুন দিন নির্ধারণ করেন।

রাজধানীর মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল নথিপত্র আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবের কাছ থেকে তদন্তের দায়িত্ব সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের দায়িত্ব দেয়। রাষ্ট্রপক্ষের রিট আদেশ মডিফিকেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই নির্দেশনা দেয়।

দীর্ঘ সময়েও এ মামলার তদন্ত সম্পন্ন না হওয়া এবং সাম্প্রতিক নথিপত্র পুড়ে যাওয়ার ঘটনা নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ-উৎকণ্ঠা আরও বেড়েছে। এখন দেখার বিষয়, নতুন করে নির্ধারিত ছয় মাসে আদৌ কোনো দৃশ্যমান অগ্রগতি হয় কি না।

মতামত দিন