জাতীয়
ছবি: সংগৃহীত

পারভেজ হত্যা: তিন যুবকের সাত দিনের রিমান্ড।

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন যুবকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্যাহ এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন—আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। তিনজনই বনানী বিদ্যানিকেতনের সাবেক শিক্ষার্থী।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন জানায়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে পারভেজের সঙ্গে কথাকাটাকাটি হয়। বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও, ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র পারভেজের ওপর একদল যুবক হামলা চালায়। ছুরিকাঘাতে গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পারভেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগত মিলে আটজনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে সোমবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন জানান, গ্রেপ্তার তিনজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন, তারা মূল অভিযুক্তদের স্কুল বন্ধু।

মতামত দিন