জাতীয়
ছবি: সংগৃহীত

উখিয়ায় দোকান ভাড়া সংক্রান্ত বিরোধে কলেজ শিক্ষক নিহত, একজন গ্রেপ্তার।

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় দোকান ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ ইকবাল (৫৩) নামে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনার বিষয়টি সোমবার (২১ এপ্রিল) নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন।

নিহত মোহাম্মদ ইকবাল (স্থানীয়) মৃত গুরা মিয়ার ছেলে। তিনি উখিয়া ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত মোহাম্মদ শরীফ ওরফে বট্টল (৪৫) কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তিনি একই ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার শামশুল আলমের ছেলে।

নিহতের ছেলে আলিফ মোহাম্মদ ইফতিয়াজ নূর নিশান জানান, তার বাবার মালিকানাধীন দোকানে ভাড়াটে হিসেবে থাকতেন মোহাম্মদ শরীফ।বেশ কিছু দিন ধরেই দোকান ভাড়া সংক্রান্ত লেনদেন নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। রোববার গভীর রাতে নিজ বাড়ির সামনে এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে শরীফ মোহাম্মদ ইকবালকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করেন।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালানোর চেষ্টা করে, তবে তাকে ধরে ফেলা হয়। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ ইকবালকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন শিক্ষকের এমন নির্মম মৃত্যুতে স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মতামত দিন