জাতীয়
ছবি: সংগৃহীত

চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বড় দুর্গাপুর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় ভিমরুলের কামড়ে প্রাণ হারিয়েছেন সালামত মিয়াজি (৫৫)। একই ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তার, মেয়ে ও জামাতা আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার দিকে ঘাসিরচরের ঘোষ বাড়িসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সালামত মিয়াজি বড় দুর্গাপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে এবং তিনি আলোর সন্ধান বহুমুখী সমবায় সমিতির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেন।

জানা যায়, ওইদিন বিকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছিলেন সালামত মিয়াজি। পথিমধ্যে হঠাৎ করে একদল বেপরোয়া ভিমরুল তাদের আক্রমণ করে। স্ত্রী সেলিনা আক্তার মারাত্মকভাবে আহত হলে সালামত ছুটে গিয়ে মেয়ের বাড়ি থেকে কাঁথা এনে স্ত্রীকে জড়িয়ে ধরেন, যাতে তাকে বাঁচানো যায়। কিন্তু এর মাঝেই দ্বিতীয় দফায় ভিমরুলের উপর্যুপরি আক্রমণে তারা দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন।

খবর পেয়ে মেয়ে শাউনী আক্তার ও জামাতা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করতে গেলে তারাও ভিমরুলের কামড়ে আহত হন। পরে সবাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত ঢাকার বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সালামত মিয়াজিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন দায়িত্বশীল, পরিবারপ্রেমী ও সাহসী মানুষ এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হবেন, তা কেউ কল্পনাও করতে পারেনি।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক গণমাধ্যমকে জানান, “ভিমরুলের কামড়ে গুরুতর আহত সালামত মিয়াজিসহ চারজন হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনেছি। এর মধ্যে সালামত মিয়াজির মৃত্যুর খবর পেয়েছি।

মতামত দিন