খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

পিএসএলে খেলার পথে মেহেদী হাসান মিরাজ, অনাপত্তিপত্র চেয়েছেন বিসিবির কাছে।

বাংলাদেশের জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবার প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার দ্বারপ্রান্তে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র চেয়েছেন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস বিষয়টি নিশ্চিত করেছেন।সোমবার (১৯ মে) সকালে আবেদন করেছেন মিরাজ, তবে বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন তিনি।

জাতীয় দলে নিয়মিত থাকা মিরাজ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি সিরিজের দলে নেই। এই বিরতিই তার সামনে খুলে দিয়েছে একটি নতুন দরজা—বিদেশি লিগে অভিষেকের। এখন পর্যন্ত কেবল বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল) খেলেছেন তিনি।

চলতি মৌসুমে পিএসএলে প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। দলে যুক্ত হয়েছেন অভিজ্ঞ সাকিব আল হাসানও। তাদের দলে জায়গা পেলে মিরাজের এটি হবে পিএসএলসহ যেকোনো বিদেশি লিগে প্রথম অংশগ্রহণ।

মাত্র মাসখানেক আগেই আইসিসি কর্তৃক মাসসেরা ক্রিকেটারের স্বীকৃতি পাওয়া মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স নজর কেড়েছে আন্তর্জাতিক ক্রিকেট পরিমণ্ডলে। বিশেষ করে স্পিন বোলিংয়ে তার কার্যকারিতা এবং চাপ সামলানোর দক্ষতা তাকে করে তুলেছে কাঙ্ক্ষিত এক নাম।

পিএসএলের চলতি আসরে আগে অংশ নিয়েছিলেন বাংলাদেশি তরুণ রিশাদ হোসেন ও নাহিদ রানা। তবে সীমান্ত উত্তেজনার কারণে লিগ সাময়িকভাবে স্থগিত হলে তারা দেশে ফিরে আসেন। বর্তমানে দুজনই জাতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন।

অনাপত্তিপত্র পেলে মিরাজের এই অংশগ্রহণ শুধু তার ক্যারিয়ারেরই নয়,বরং বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক লিগে প্রবেশের আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।

মতামত দিন