ফিরেই টিকে থাকার লড়াইয়ে সাকিব, কাল লাহোর কালান্দার্সের হয়ে নামছেন মাঠে।
প্রায় ছয় মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ বিরতির পর ফেরার মঞ্চ হিসেবে বেছে নিলেন একেবারে চাপে ঠাসা ম্যাচ—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ‘ডু অর ডাই’ লড়াই।
শনিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। লাহোর কালান্দার্স নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের একটি ভিডিও প্রকাশ করে জানান তার প্রত্যাবর্তনের বার্তা। সেখানে সাকিব বলেন, “পিএসএলে আবার ফিরতে পেরে দারুণ রোমাঞ্চিত। আশা করছি আগামীকাল দারুণ একটি ম্যাচ হবে। ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, সেটা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি।”
চোটে আক্রান্ত ড্যারিল মিচেলের জায়গায় স্কোয়াডে রাখা হয়েছে সাকিবকে। তবে শুধু মিচেলই নন, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই লাহোর শিবিরে। রাজনৈতিক বিরতির পর ডেভিড ভিসা ও স্যাম বিলিংস আর ফেরেননি দলে, অনুপস্থিত রয়েছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনও। সব মিলিয়ে দলে এসেছে বড় রদবদল।
এই অনুপস্থিতির সুযোগেই মাঠে ফিরছেন সাকিব, যিনি সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে। তার সঙ্গে লাহোর স্কোয়াডে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কান ব্যাটার ভানুকা রাজাপক্ষেও, যিনি জানুয়ারির পর আর কোনো ম্যাচ খেলেননি।
পিএসএলে সাকিব এর আগে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে খেললেও লাহোর কালান্দার্সের হয়ে এটিই তার প্রথম অধ্যায়। আর এই অধ্যায় শুরু হচ্ছে দলকে টিকিয়ে রাখার এক গুরুত্বপূর্ণ লড়াই দিয়ে। সাকিবের অভিজ্ঞতা ও চাপ সামলানোর দক্ষতা এই ম্যাচে কতটা কাজে আসে, সেটিই এখন দেখার বিষয়।
মতামত দিন