খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

কেন আটকে ছিলেন রিশাদ ও নাহিদ,জানাল বিসিবি।

ভিসা ও ইমিগ্রেশন জটিলতায় দু’দিন দুবাই বিমানবন্দরে আটকে থাকার পর অবশেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা।এমিরেটস ক্রিকেট বোর্ডের সহায়তায় সমস্যা সমাধানের পর শুক্রবার (১৬ মে) তারা বাংলাদেশ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যোগ দেন।

শনিবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেন বিসিবির অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস। তিনি বলেন, “ওদের ইমিগ্রেশনে জটিলতা ছিল। এজন্য তারা এয়ারপোর্টসংলগ্ন একটি হোটেলে ছিলেন। এমিরেটস বোর্ডের সহায়তায় সমস্যা কেটে গেলে তারা দলের সঙ্গে যোগ দেয়।”

উল্লেখ্য, দু’ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় দল ১৪ মে দুই দফায় সংযুক্ত আরব  আমিরাতে যায়। রিশাদ ও নাহিদ ছিলেন প্রথম ধাপে যাওয়া ক্রিকেটারদের মধ্যে। তবে দুবাই ইমিগ্রেশনে আটকে পড়ায় তারা দলের সঙ্গে সরাসরি যোগ দিতে পারেননি।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে সদ্য দেশে ফেরা এই দুই ক্রিকেটারকে নতুন করে ভিসা জটিলতায় পড়তে হয়। দুবাই বিমানবন্দরে দু’দিন আটকে থাকার পর সব আনুষ্ঠানিকতা শেষে তারা দলে ফেরেন।

বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। আজ (শনিবার) রাত ৯টায় স্বাগতিক আমিরাতের মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

মতামত দিন