নেপালকে হারিয়ে স্বপ্নের ফাইনালে বাংলাদেশ যুব দল।
ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ায় গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ যুব দল।
শুক্রবার (১৬ মে) বিকেলে অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশের হয়ে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান।
প্রথমার্ধে দুই দলই রক্ষণভাগে সতর্ক থেকে খেলার চেষ্টা করে। নেপাল একাধিকবার আক্রমণে গেলেও বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন ধারাবাহিক সেভ করে দলকে ম্যাচে রাখেন।
দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে। ৭৩ মিনিটে কর্নার থেকে আশিকুর রহমানের হেডে এগিয়ে যায় বাংলাদেশ।এরপর ৮১ মিনিটে অধিনায়ক নাজমুল হুদার নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ হয়। নেপাল অবশ্য ৮৭ মিনিটে এক গোল শোধ করে চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ে বাংলাদেশ টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে। আসরের শুরুতে মালদ্বীপের সঙ্গে ড্র করলেও পরের ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল তারা।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও মালদ্বীপের মধ্যকার বিজয়ী দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার (১৮ মে)। সোনার ট্রফি এখন তরুণদের থেকে মাত্র এক কদম দূরে।

মতামত দিন