আইপিএলে খেলতে বিসিবির অনুমতি পেলেন মোস্তাফিজ।
আইপিএলে খেলার জন্য বাংলাদেশি প্লেয়ার মোস্তাফিজুর রহমানকে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৮ থেকে ২৪ মে পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে পারবেন তিনি।
শুক্রবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোস্তাফিজ কেবল প্রথম ম্যাচে অংশ নেবেন। ওই ম্যাচ শেষে তিনি আইপিএলের জন্য ভারতে উড়াল দেবেন।
বর্তমানে শারজায় জাতীয় দলের সঙ্গে অবস্থান করছেন মোস্তাফিজ। আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার (১৭ মে), দ্বিতীয়টি ১৯ মে।
আইপিএলের স্থগিত হওয়া অংশের খেলা শুরু হচ্ছে শনিবার থেকে। ১৮ মে দিল্লির প্রথম ম্যাচ গুজরাট টাইটানসের বিপক্ষে। সে ম্যাচেই মাঠে দেখা যেতে পারে মোস্তাফিজকে। চলতি আসরে দিল্লির আর তিনটি ম্যাচ বাকি। দলটি ১১ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।

মতামত দিন