খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

পাকিস্তান সফরে সবুজ সংকেত পেল বাংলাদেশ, অপেক্ষায় চূড়ান্ত অনুমতির।

চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার কারণে সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

শেষ পর্যন্ত এই সফরের জন্য সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

সূচি অনুযায়ী, ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে সিরিজটি হওয়ার কথা ছিল। তবে দুই প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে পাকিস্তান ও ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ায় বাংলাদেশ দলের সফরও পড়ে যায় অনিশ্চয়তায়।

এবার সেই অনিশ্চয়তা কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। অন্তর্বর্তী সরকারের অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, এখনো বিসিবির হাতে আনুষ্ঠানিক অনুমতিপত্র না এলেও সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা পেয়েছেন তারা।

ইফতেখার মিঠু বলেন, “সরকারের কাগজ এলে আমরা খেলোয়াড়দের মতামত নেব। তারা সম্মত হলে নির্ধারিত সময়েই সিরিজ অনুষ্ঠিত হবে।”

পাকিস্তানি গণমাধ্যম ও বিসিবি সূত্র জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজের পরিবর্তিত সূচি পাঠিয়েছে। সেখানে ম্যাচ শুরুর তারিখ দুই দিন পিছিয়ে ২৭ মে করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরবর্তী ম্যাচগুলো হবে ২৯ মে, ১, ৩ ও ৫ জুন। সব ম্যাচ আগের মতোই লাহোর ও ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে, তবে অতিরিক্ত বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত রাখা হবে রাওয়ালপিন্ডিও।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছে বাংলাদেশ দল। ওই সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৭ মে। সিরিজ শেষ করেই সরাসরি পাকিস্তান যাওয়ার কথা রয়েছে লিটন দাসদের।

মতামত দিন