খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপ ঘিরে কড়া নজরদারি: যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক।

আগামী ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপ। ৩২ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে আর্জেন্টিনার দুই জনপ্রিয় ক্লাব—বোকা জুনিয়র্স ও রিভার প্লেট অংশ নিচ্ছে।

তবে এই বিশ্বমঞ্চে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের জন্য এক দুঃসংবাদ সামনে এসেছে।

আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ জানিয়েছেন,সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হচ্ছে ১৫ হাজারেরও বেশি আর্জেন্টাইন ফুটবল ভক্তকে।সোমবার (১২ মে) বুয়েনস এইরেসে যুক্তরাষ্ট্রের দূতাবাসে এই তালিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপ ও পরবর্তী ২০২৬ বিশ্বকাপের নিরাপত্তা বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রী বুলরিচ বলেন,“তালিকাভুক্ত ব্যক্তিরা আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধের সঙ্গে জড়িত।তাদের কেউ যেন আন্তর্জাতিক কোনো ক্রীড়ামঞ্চে অনুপ্রবেশ করতে না পারে,সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” তিনি জানান, এখন পর্যন্ত ‘ট্রিবিউনা সেগুরা’ (নিরাপদ গ্যালারি) নামক একটি প্রকল্পের আওতায় ১,৩২৮টি ম্যাচে ৪০ লাখ দর্শক পর্যবেক্ষণ করা হয়েছে। এতে ১,১৬৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন এবং ৪০টিরও বেশি প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এই তালিকা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেছেন আর্জেন্টিনার মন্ত্রী। তাঁর ভাষায়, “তাদের অভিবাসন নীতি অত্যন্ত কঠোর। আমরাও চাই না, সহিংস কেউ এই আন্তর্জাতিক আয়োজনে অংশ নিক।”

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস ও রয়টার্স জানিয়েছে, এই তালিকা তৈরি হয়েছে ‘ট্রিবিউনা সেগুরা’ প্রকল্পের মাধ্যমে, যা আর্জেন্টিনার ফুটবল স্টেডিয়ামে নিষিদ্ধ ব্যক্তিদের চিহ্নিত করতে ব্যবহৃত হয়।

উল্লেখ্য, এবারের ক্লাব বিশ্বকাপে বোকা জুনিয়র্স খেলবে গ্রুপ ‘সি’-তে, যেখানে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি ও বেনফিকা।আর রিভার প্লেট খেলবে গ্রুপ ‘ই’-তে উরাওয়া রেড ডায়মন্ডস,মন্টেরে ও ইন্টার মিলানের বিপক্ষে।

কঠোর নজরদারির মাধ্যমে ফুটবলে সহিংস উগ্রবাদ ঠেকাতে এই পদক্ষেপ বিশ্ব ফুটবলে নজিরবিহীন উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

মতামত দিন