কোহলির অবসর নিয়ে লিটনের প্রতিক্রিয়া: ‘আমি অবশ্যই মিস করব’।
মাঠে তাঁকে দেখা যায় আগ্রাসী রূপে, কিন্তু মাঠের বাইরে একেবারে ভিন্ন মানুষ। বিরাট কোহলিকে ঘিরে এমন মন্তব্য আগেও বহুবার শোনা গেছে।
মিরপুরে আমিরাত সফর-পূর্ব সংবাদ সম্মেলনে লিটনকে দেখা গেল নতুন ভূমিকায়—প্রথমবার দীর্ঘ মেয়াদে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন তিনি। আর একই দিনে এল বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। ভারতের এই সাবেক অধিনায়ক ইনস্টাগ্রামে এক পোস্টে জানান, সাদা পোশাকে আর দেখা যাবে না তাঁকে। কোহলির বয়স এখন ৩৬, বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটার হিসেবে পরিচিত। সামনে এখনও অনেক রেকর্ডের হাতছানি। তাই তাঁর এ সিদ্ধান্ত অনেকের কাছেই ছিল বিস্ময়ের।
লিটনের কাছে প্রশ্ন ছিল, কোহলির অবসর তাঁকে বিস্মিত করেছে কি না। উত্তরে লিটন বলেন, “এই অধিকার সবারই আছে যে কোন সময়টা তারা ক্রিকেট খেলবে, কোন সময়টা খেলবে না। তিনি যথেষ্ট পরিণত। তাঁর সিদ্ধান্তকে আমার প্রাধান্য দেওয়া উচিত। তাঁর সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।”
তবে শুধুই আরেকজন খেলোয়াড় নন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ করে টেস্ট সংস্করণে তাঁর প্রভাব ছিল অসাধারণ। ১২৩ টেস্টের মধ্যে ৬৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি, যার মধ্যে ভারত জয় পেয়েছে ৪০টিতে। তাঁর ঝুলিতে রয়েছে ৩০টি টেস্ট সেঞ্চুরি ও ৯২৩০ রান। লিটন বললেন, “সে যা করছে আন্তর্জাতিক ক্রিকেটে, সেটা শুধু ভারতের জন্য নয়। টেস্ট সংস্করণকে অনেকখানি আক্রমণাত্মক করেছে। তার আচরণ বলেন, ক্রিকেটের জ্ঞান বলেন, এ রকম একজন খেলোয়াড় টেস্ট ক্রিকেট খেলবে না— এটা ভাবতেই কষ্ট হয়।”
আগামী দিনে কোহলি ভারতের টেস্ট দলে না থাকায় বাংলাদেশি ব্যাটারদের জন্য স্বস্তির কারণ হতে পারে। তবে লিটনের কণ্ঠে ভিন্ন সুর: “একটা সময় তো সব খেলোয়াড়কেই অবসরে যেতে হয়। কিন্তু যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি, আমি অবশ্যই মিস করব (কোহলিকে), যেহেতু আমি অনেক দিন খেলেছি।”
মাঠে কোহলির আগ্রাসী মনোভাব নিয়ে প্রশ্ন থাকলেও মাঠের বাইরে একেবারেই ভিন্ন মানুষ—লিটনের অভিজ্ঞতাও তেমনই। তিনি বলেন, “সে অনেক ভদ্র। মাঠের মধ্যে অনেক সময় অনেক আক্রমণাত্মক মনে হয়। কিন্তু সেটা শুধু ক্রিকেটের জন্যই করে। মাঠের বাইরে অনেক ভালো একজন মানুষ। অনেক কথোপকথনই হয়েছে কোহলির সঙ্গে।
”ভবিষ্যতে বিরাট কোহলিকে আর টেস্টের সাদা পোশাকে দেখা যাবে না—এই বাস্তবতা মেনে নিচ্ছেন লিটন, তবে তা একেবারে সাদামাটা নয়, বরং গভীর সম্মান আর অভাববোধ নিয়েই বলছেন, “আমি অবশ্যই মিস করব কোহলিকে।”
মতামত দিন