খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট বিপর্যয়,ইরান-ইসরায়েল সংঘাতে আটকে পড়লেন মুশফিক।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার প্রভাবে দেশে ফেরার পথে ভ্রমণ জটিলতায় পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ওমরাহ পালন শেষে ঢাকায় ফেরার সময় তার বহনকারী ফ্লাইট নির্ধারিত রুট পরিবর্তন করে আবার জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়।

নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মুশফিক জানান, পবিত্র ওমরাহ আদায় শেষে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা ছিল তার। সে অনুযায়ী জেদ্দা থেকে ইমিরেটসের একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন। তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় বিমানটি গন্তব্যে যেতে পারেনি।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাত ঘিরে তৈরি হওয়া ঝুঁকির কারণে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা ফেরত পাঠানো হচ্ছে। ফলে বর্তমানে জেদ্দা বিমানবন্দরে বিপুল সংখ্যক যাত্রীর সঙ্গে অপেক্ষা করতে হচ্ছে তাকে।

কবে নাগাদ বাংলাদেশে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই বলেও উল্লেখ করেন এই ক্রিকেটার। পরিস্থিতি স্বাভাবিক হলেই পরবর্তী ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন