পাকিস্তান-ভারত সংঘাত: বিসিবি নিশ্চিত করেছে আরব আমিরাত সফর।
ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর মঙ্গলবার পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও আজ ভারতের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় সতর্কতা হিসেবে ভারতও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে।
দুই প্রতিবেশী দেশের ক্রমবর্ধমান এই সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের পাকিস্তান সফরও অনিশ্চয়তায় পড়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে কোনো সংশয় নেই। আজ এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘বাংলাদেশ জাতীয় দল নির্ধারিত সময়সূচি অনুসারে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে।’ এই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ মে, দ্বিতীয়টি ১৯ মে।
পাকিস্তান সফর প্রসঙ্গে বিসিবি বলেছে, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান সফর নিয়ে বিসিবি পিসিবির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের নিরাপত্তা এবং সুরক্ষা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। সফর সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে।’
মতামত দিন