ধর্ষণ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল রায়হান।
রাজধানীর গুলশানের একটি হোটেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।
মামলার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তোফায়েল ও ওই তরুণীর পরিচয় হয়। পরে মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। অভিযোগ রয়েছে, শুরুতে প্রেমের প্রস্তাবে সাড়া না দিলেও বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে রাজি করান তিনি।
অভিযোগে বলা হয়, গত বছরের ৩১ জানুয়ারি স্ত্রী পরিচয়ে তাকে গুলশানের একটি হোটেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ধর্ষণের ঘটনা ঘটে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। পরে বিয়ের প্রসঙ্গ তুললে অভিযুক্ত তা প্রত্যাখ্যান করেন বলে অভিযোগ করেন তরুণী।
ঘটনার পর গত ১ আগস্ট ভুক্তভোগী গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান তোফায়েল। তদন্তসংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে, অভিযোগ ওঠার সময় থেকে কয়েক মাস পার হওয়ায় প্রত্যক্ষ আলামত সংগ্রহ করা সম্ভব হয়নি এবং বাদীও কোনো আলামত দেখাতে পারেননি।
তদন্তের সময় হোটেলের রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজপত্র, গেস্ট বুকিং তথ্য ও উভয়ের পাসপোর্টের কপি জব্দ করা হয়েছে। ডিএনএ পরীক্ষায় ভ্যাজাইনাল সোয়াবে বীর্যের উপস্থিতি পাওয়া যায়নি। তবে তদন্তে প্রাথমিকভাবে ঘটনাটির সত্যতা সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

মতামত দিন