খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

ক্রিকেট কাঠামো উন্নয়ন ও পরিকল্পনা নিয়ে বিসিবির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেট কাঠামোর উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা আয়োজন করেছে। মঙ্গলবার (০৩ জানুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন স্তরের ক্রিকেটের কার্যকারিতা ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, সভায় মূলত তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের বর্তমান কাঠামো পর্যালোচনা করা হয়েছে। বর্তমান সিলেকশন প্রক্রিয়া, বয়স যাচাই পদ্ধতি এবং খেলোয়াড় বিকাশের মান নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিশেষ দিকনির্দেশনা তৈরি হয়েছে।

সভায় কোচদের কার্যকারিতা ও প্রণোদনা ব্যবস্থার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। যারা সফলভাবে খেলোয়াড়দের বিকশিত করতে সক্ষম হবেন, তাদের জন্য প্রণোদনা প্রণয়ন করা হবে। এছাড়া ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের জন্য একটি বিস্তৃত ডাটাবেজ তৈরি করার বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়েছে, যা পারফরম্যান্স ট্র্যাকিং এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য সহায়ক হবে।

বিসিবি সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের কোচদের বেতন কাঠামো নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। তাদের পেশাগত উন্নয়ন ও ক্যারিয়ার অগ্রগতির জন্য সুস্পষ্ট ও কাঠামোবদ্ধ পথ নির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

সভায় কোচ প্রশিক্ষণ এবং গেম এডুকেশন কারিকুলামের পুনর্বিবেচনা ও হালনাগাদ করার জন্য একটি রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রোগ্রাম চালুর প্রস্তাব এসেছে, যা দেশের সামগ্রিক ক্রিকেট কাঠামোর অংশ হিসেবে বাস্তবায়িত হবে।

সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, খালেদ মাসুদ পাইলট, খান আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু, টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু এমাম মোহাম্মদ কাওসার, জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, বিসিবির সিনিয়র কোচ মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম, নির্বাচক হাসিবুল হোসেন, জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং নারী ক্রিকেট ইনচার্জ হাবিবুল বাশার।

সভা থেকে প্রত্যাশা করা হচ্ছে, এ উদ্যোগের মাধ্যমে দেশের তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের কাঠামো আরও দৃঢ়, স্বচ্ছ ও ফলপ্রসূ হবে। পাশাপাশি, কোচিং সিস্টেম ও খেলোয়াড় বিকাশের প্রক্রিয়ায় কাঠামোবদ্ধতা বৃদ্ধি পাবে এবং জাতীয় দলের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তি নির্মাণ করা সম্ভব হবে।

মতামত দিন