খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের দাপটে র‍্যাংকিংয়ে লাফ বাংলাদেশ নারী ক্রিকেটারদের।

নিজেস্ব প্রতিবেদক:

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা সাফল্যের প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক মঞ্চে। চার ম্যাচের সবকটিতেই জয় তুলে নেওয়ার পর আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়ে একাধিক বাংলাদেশি নারী ক্রিকেটারের অবস্থানে বড় পরিবর্তন এসেছে।

ব্যাটিং তালিকায় সবচেয়ে বড় উত্থান ঘটেছে শারমিন আক্তার সুপ্তার। আয়ারল্যান্ডের বিপক্ষে দায়িত্বশীল ইনিংস খেলার সুবাদে তিনি এক লাফে এগিয়ে গেছেন ২২ ধাপ। এর ফলে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এখন তার অবস্থান ৩৫ নম্বরে, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।

এদিকে দিলারা আক্তারের পারফরম্যান্সও নজর কেড়েছে র‍্যাংকিংয়ে। নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে কার্যকর রান করার পুরস্কার হিসেবে তিনি প্রথমবারের মতো সেরা একশ ব্যাটারের তালিকায় ঢুকেছেন। ৩৩ ধাপ এগিয়ে তিনি এখন যৌথভাবে অবস্থান করছেন ৭০ নম্বরে।

সাম্প্রতিক ম্যাচগুলোতে ধারাবাহিক ব্যাটিংয়ের কারণে সোবহানা মোস্তারির অবস্থানেও উন্নতি এসেছে। তিনি এখন ৫২তম স্থানে, যা আগের চেয়ে ১১ ধাপ ওপরে। পাশাপাশি স্বর্ণা আক্তারও র‍্যাংকিংয়ে এগিয়ে ৮৩ নম্বরে জায়গা করে নিয়েছেন।

বোলারদের ক্ষেত্রেও চিত্রটা আশাব্যঞ্জক। নামিবিয়ার বিপক্ষে তিন উইকেট নেওয়ার পর ফাহিমা খাতুন উঠে এসেছেন ৩০ নম্বরে। একই ম্যাচে চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলা এখন রয়েছেন ৫৪তম স্থানে। আর দুই ম্যাচ মিলিয়ে চার উইকেট পাওয়া রাবেয়া খান এক ধাপ এগিয়ে অবস্থান করছেন ১৪ নম্বরে।

সব মিলিয়ে বাছাইপর্বের এই সাফল্য শুধু মাঠের ফলাফলে সীমাবদ্ধ থাকেনি; র‍্যাংকিংয়েও বাংলাদেশের নারী দলের অগ্রযাত্রা স্পষ্ট করে তুলেছে।

মতামত দিন