খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে বাংলাদেশ খেলুক তা ভারতই চায়নি: আশরাফুল।

নিজেস্ব প্রতিবেদক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলতে পারাকে নিছক ক্রিকেটীয় সিদ্ধান্ত হিসেবে দেখছেন না সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার মতে, এই ঘটনায় ক্রীড়ার বাইরের বিষয়ই বেশি প্রভাব ফেলেছে এবং ভারতের ভূমিকাও প্রশ্নের বাইরে নয়।

একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর যে দায় চাপানো হচ্ছে, সেটি পুরোপুরি যৌক্তিক নয়। তার ভাষায়, পরিস্থিতি এমন ছিল যে বোর্ড নেতৃত্বে যেই থাকুক না কেন, একই সিদ্ধান্তই নিতে হতো।

আশরাফুলের বিশ্লেষণে উঠে আসে মোস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যু। ৩ জানুয়ারি কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ দলকে ভারতে পাঠাতে রাজি হয়নি বিসিবি। এরপর ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে একাধিকবার অনুরোধ জানানো হলেও তাতে সাড়া মেলেনি। শেষ পর্যন্ত দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় বিশ্বকাপ থেকেই ছিটকে যায় বাংলাদেশ।

এই প্রেক্ষাপটে আশরাফুল মনে করেন, সংকটের সূত্রপাত হয়েছিল ভারত থেকেই। তার মতে, বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক খুব একটা স্বস্তিকর নয়, আর সেই বাস্তবতার প্রভাব ক্রিকেটেও এসে পড়েছে। তিনি বলেন, প্রথম ‘মুভ’টা ভারতই দিয়েছে—মোস্তাফিজকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার মাধ্যমে।

বিশ্বকাপ ও আইপিএলের সময়সূচির প্রসঙ্গ টেনে আশরাফুল বলেন, বিষয়টি চাইলে অনেক পরে এবং আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যেত। তার মতে, মোস্তাফিজ দীর্ঘদিন ধরে আইপিএলে নিয়মিত খেলছেন এবং প্রতিবারই নিজের পারফরম্যান্স দিয়ে জায়গা ধরে রেখেছেন। নিলামে সর্বোচ্চ দামে নেওয়ার পর হঠাৎ করে তাকে বাদ দেওয়া স্বাভাবিক ক্রিকেটীয় সিদ্ধান্ত বলে মনে হয় না।

তিনি আরও বলেন, আইপিএল যেহেতু বিশ্বকাপের পর শুরু হওয়ার কথা ছিল, তাই তখন বিসিবি ও বিসিসিআই আলোচনায় বসে সমাধান করতে পারত। কিন্তু তা না করে আগেভাগেই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে যায়। আশরাফুলের ভাষায়, “এখানে অন্য ধরনের খেলা হয়েছে বলেই আমার মনে হয়।”

এদিকে বোর্ড রাজনীতির কথাও উঠে আসে আশরাফুলের মন্তব্যে। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর একাধিকবার নেতৃত্ব বদলের মধ্যে দিয়ে গেছে বিসিবি। বর্তমানে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কঠিন সময়ের মধ্যেই বোর্ডের দায়িত্ব সামলাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

আশরাফুল মনে করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেষ হলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রিকেট বোর্ডের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তার মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে দেশের ক্রিকেটকেও নতুন করে গুছিয়ে নেওয়া সম্ভব হবে।

মতামত দিন