নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে বিসিবি।
ঢাকার ঘরোয়া ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) ব্যবস্থাপনায় ‘সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ’ আয়োজনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই টুর্নামেন্টে অংশ নেবে মোট আটটি দল। ২০২৫-২৬ মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেট লিগে যারা খেলছে না, মূলত সেই দলগুলোকে নিয়েই আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা।
বিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পুরো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, যেখানে মোট ম্যাচের সংখ্যা ২৯টি। লিগ ভিত্তিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। কোনো সেমিফাইনাল থাকছে না—পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে।
দল গঠনের ক্ষেত্রেও নির্দিষ্ট কাঠামো ঠিক করা হয়েছে। প্রতিটি দলে থাকবেন ১৫ জন মূল খেলোয়াড় ও একজন স্ট্যান্ডবাই। পাশাপাশি একজন ম্যানেজার, প্রধান কোচ, সহকারী কোচ, ফিজিওথেরাপিস্ট এবং একজন টিম বয় থাকবেন।
খেলাগুলো আয়োজন করা হবে ঢাকার বিভিন্ন মাঠে। ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে পিকেএসপির ১ ও ২ নম্বর মাঠ, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ, পূর্বাচলের জাতীয় ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) এবং ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ড।
ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণে চারটি গ্রেড চালু করা হয়েছে—এ+, এ, বি ও সি। গ্রেড অনুযায়ী বেতন ও ম্যাচ ফি দেওয়া হবে। সিসিডিএমের বয়সভিত্তিক কমিটির নির্বাচকরাই এই গ্রেডিং সম্পন্ন করেছেন।
এদিকে টুর্নামেন্ট উপলক্ষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি উন্মোচন ও দলগুলোর অধিনায়কদের নিয়ে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো—দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় ও অগ্রণী।
মতামত দিন