বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় আইসিসি, বিশ্বকাপ খেলা নিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম।
ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ঘনীভূত হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আপত্তির কারণে নির্ধারিত ভেন্যুতে খেলতে অনাগ্রহী বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে মাত্র একদিন সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বুধবার (২১ জানুয়ারি) আইসিসির বোর্ডসভায় এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। সভাটি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের উদ্বেগের কথা তুলে ধরে জানান, ভারতে গিয়ে ম্যাচ খেলাকে ঘিরে নিরাপত্তা নিয়ে দলের মধ্যে স্বস্তির অভাব রয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে বিকল্প ভেন্যুর বিষয়টি উত্থাপন করা হলেও আইসিসি বোর্ড জানায়, টুর্নামেন্টের সূচি ও কাঠামো চূড়ান্ত পর্যায়ে থাকায় এখন ভেন্যু পরিবর্তন বাস্তবসম্মত নয়। এ অবস্থায় দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন বলে বোর্ড সদস্যরা মত দেন।
বোর্ডসভায় বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ডসহ আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি আইসিসির শীর্ষ নির্বাহী কর্মকর্তারাও সভায় অংশ নেন।
এর আগে বাংলাদেশের অবস্থানের প্রতি সংহতি জানিয়ে আইসিসির কাছে চিঠি পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশ না খেললে পাকিস্তানও টুর্নামেন্ট বর্জন করবে—এমন দাবি বোর্ডসভায় আনুষ্ঠানিকভাবে নাকচ করে দেওয়া হয়।
আইসিসি সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ যদি অংশগ্রহণে অসম্মতি জানায়, তাহলে টুর্নামেন্টের ভারসাম্য বজায় রাখতে বিকল্প দল অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
সব মিলিয়ে এখন বিসিবির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। এক দিনের মধ্যেই সেই সিদ্ধান্ত জানাতে হবে—যার ওপর নির্ভর করবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ।
মতামত দিন