খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অবস্থান বদলায়নি বাংলাদেশ, আইসিসির সঙ্গে বৈঠকেও অনড় বিসিবি।

নিজেস্ব প্রতিবেদক:

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ দলের অংশগ্রহণ ও নিরাপত্তা ইস্যুতে নিজেদের অবস্থান থেকে একচুলও সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে চূড়ান্ত আলোচনা করতে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকায় এসে আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেও ভারতের সফর নিয়ে অনড় অবস্থানেই রয়েছে বোর্ড।

বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে আইসিসির প্রতিনিধি দলের প্রায় দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিসিবি স্পষ্ট করে জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিষয়ে তাদের আপত্তি বহাল থাকবে।

বিসিবির এই অবস্থান বিবেচনায় নিয়ে আইসিসি দ্রুত বোর্ড সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে।

এর আগেই বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু বোর্ডের অবস্থান পরিষ্কার করে দিয়েছিলেন। বিপিএলের একটি ম্যাচ দেখতে এসে তিনি বলেন, আইসিসির সঙ্গে বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা হবে ঠিকই, তবে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই।

মিঠুর ভাষায়, ‘আমাদের বোর্ড এবং সরকার—দু’পক্ষই মনে করে, সেখানে আমাদের দলের নিরাপত্তা নিশ্চিত নয়। শুধু খেলোয়াড়দের বিষয় নয়, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তাও বড় প্রশ্ন। এই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। বোর্ড সভাপতি বিষয়টি সরাসরি দেখছেন। এখন দেখা যাক, আইসিসি কী সিদ্ধান্ত নেয়।’

মতামত দিন