বিশ্বকাপের আগে ভারতের ভিসা পেল না যুক্তরাষ্ট্রের চার মুসলিম ক্রিকেটার।
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণকারী কয়েকটি দলের প্রস্তুতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভিসা জটিলতার কারণে ভারতের মাটিতে খেলতে পারা নিয়েই প্রশ্নের মুখে পড়েছেন একাধিক ক্রিকেটার।
এই জটিলতার বিষয়টি প্রকাশ্যে আনেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের পেসার আলী খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার ভারতীয় ভিসার আবেদন অনুমোদন পায়নি। পাকিস্তানে জন্ম নেওয়া এই পেসার বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়মিত খেলোয়াড়দের একজন।
আলী খান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছেন এবং আসন্ন বিশ্বকাপে দলের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হওয়ার কথা ছিল। যদিও এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হয়নি, তবে তাকে বাদ দেওয়ার কোনো ইঙ্গিতও আগে পাওয়া যায়নি।
এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের ক্রীড়া সাংবাদিক পিটার ডেলা জানান, একই ধরনের সমস্যায় পড়েছেন আরও তিন ক্রিকেটার—শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মহসিন। জানা গেছে, তাদের সবার পারিবারিক শিকড় পাকিস্তানের সঙ্গে যুক্ত।
শুধু যুক্তরাষ্ট্র নয়, সহযোগী সদস্যভুক্ত একাধিক দেশের দলে পাকিস্তানি বংশোদ্ভূত কিংবা দ্বৈত নাগরিকত্বধারী খেলোয়াড় রয়েছেন। ইতালি, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রের মতো দলগুলোর ক্রিকেটাররা ভারতের ভিসা প্রক্রিয়ায় নানা ধরনের জটিলতার মুখোমুখি হচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই পরিস্থিতিতে কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বিষয়টি নিয়ে দিকনির্দেশনা চেয়েছে। তবে এখন পর্যন্ত আইসিসি কিংবা আয়োজক বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা সমাধান আসেনি।
এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা পেতে সমস্যায় পড়তে দেখা গেছে। এবারের বিশ্বকাপ সামনে রেখে সেই পুরোনো অনিশ্চয়তা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

মতামত দিন