খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ম্যাচ কোথায় হবে, সিদ্ধান্তে আসতে পারছে না আইসিসি।

নিজেস্ব প্রতিবেদক:

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সময় যত এগোচ্ছে, বাংলাদেশ দলের ম্যাচ আয়োজন নিয়ে ততই জটিলতা বাড়ছে। এখনো নিশ্চিত হয়নি—টাইগাররা ঠিক কোন মাঠে বিশ্বকাপ খেলবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে। বোর্ডের অবস্থান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারতে যাওয়া ঝুঁকিপূর্ণ। সে কারণে সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি এবং এ বিষয়ে আইসিসিকে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে।

কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সে প্রস্তাবে সাড়া দিচ্ছে না বলেই ইঙ্গিত মিলছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আইসিসি বিকল্প হিসেবে ভারতের ভেতরেই নতুন ভেন্যু ঠিক করার পথে হাঁটছে। এই তালিকায় উঠে এসেছে চেন্নাই ও তিরুবনন্তপুরমের নাম।

আইসিসি ও বিসিসিআই সূত্রে জানা গেছে, তামিলনাড়ু ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। চেন্নাইয়ের চেপক স্টেডিয়াম ও তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে অতিরিক্ত ম্যাচ আয়োজন করা সম্ভব কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

চেপক স্টেডিয়াম ইতোমধ্যে বিশ্বকাপ সূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা, যার মধ্যে একটি বড় সুপার এইট ম্যাচও আছে। সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত পিচ থাকায় সেখানে বাড়তি ম্যাচ আয়োজন করা কঠিন নয়।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে নির্ধারিত রয়েছে। তবে এই সূচি নিয়েই এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আইপিএলে মুস্তাফিজুর রহমানকে ছাড়তে নির্দেশ দেওয়ার ঘটনার পর ভারতের সফর নিয়ে বিসিবির উদ্বেগ আরও স্পষ্ট হয়। সেই প্রেক্ষাপটেই ভেন্যু পরিবর্তনের দাবি জোরালোভাবে সামনে আসে।

আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে সময় কম থাকায় বড় পরিসরে সূচি বদলানো কঠিন—এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল। ফলে বাংলাদেশের ম্যাচ শেষ পর্যন্ত কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

মতামত দিন