খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

আইপিএল বিতর্কের মাঝেও ছন্দে মোস্তাফিজ, রহস্যময় পোস্ট ঘিরে আলোচনা।

নিজেস্ব প্রতিবেদক:

আইপিএলের দরজায় দাঁড়িয়েও শেষ মুহূর্তে বাদ পড়তে হয় মোস্তাফিজুর রহমানকে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সব প্রস্তুতি থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে তার আইপিএল অধ্যায় থেমে যায় শুরু হওয়ার আগেই।

নিরাপত্তার কারণ দেখানো হলেও এই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশ-ভারত ক্রিকেট অঙ্গনে তৈরি হয় অস্বস্তি, যার রেশ ছড়িয়ে পড়ে কূটনৈতিক আলোচনাতেও।

কিন্তু এসব আলোচনা মাঠে নামা মোস্তাফিজকে স্পর্শ করতে পারেনি। চলমান বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে নিজের কাজটা ঠিকই করে যাচ্ছেন তিনি। ম্যাচের শুরুতে নতুন বল হোক কিংবা শেষ দিকে চাপের ওভার—প্রতিটি জায়গাতেই উইকেট এনে দিচ্ছেন বাঁহাতি এই পেসার। তার ধারাবাহিক পারফরম্যান্সেই টুর্নামেন্টে শক্ত অবস্থানে রয়েছে রংপুর।

এই ব্যস্ত সময়ের ফাঁকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন এক বার্তা দেন মোস্তাফিজ। শহরের ওপর থেকে তোলা একটি ছবির সঙ্গে তিনি লেখেন, ‘প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছি।’ ছোট্ট এই পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় নানা ব্যাখ্যা—কারও চোখে এটি মানসিক চাপ ঝেড়ে ফেলার ইঙ্গিত, কারও মতে নীরব প্রতিবাদ।

এর আগের দিন রাতেও আরেকটি পোস্টে মাঠের দিকেই মনোযোগ থাকার বার্তা দেন তিনি। সেখানে লেখেন, ‘চোখ মাঠে, মন জয়ের দিকে।’ স্পষ্ট ইঙ্গিত—সমালোচনা বা বিতর্ক নয়, তার উত্তর আসবে পারফরম্যান্সেই।

এদিকে সূচি অনুযায়ী ৯ জানুয়ারির আগে রংপুর রাইডার্সের কোনো ম্যাচ না থাকায় আপাতত বিশ্রামে রয়েছেন দলের ক্রিকেটাররা।

মতামত দিন