খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক ছিন্ন করার পক্ষে সুনীল গাভাস্কার।

ভারতের সাবেক ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার পেহেলগাম সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট সম্পর্ক ছিন্ন করার পক্ষে মত দিয়েছেন। তিনি মনে করেন, আগামী এশিয়া কাপে পাকিস্তান খেলার সুযোগ পাবে না।

গাভাস্কার বলেন, “বিসিসিআই সব সময় ভারত সরকারের নির্দেশ অনুসরণ করে। আমি মনে করি না, এশিয়া কাপের জন্য আলাদা কিছু হবে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করবে, এবং পরিস্থিতি অনুযায়ী পাকিস্তানের অংশগ্রহণ নির্ভর করবে। যদি পরিস্থিতি অপরিবর্তিত থাকে, তবে আমি অন্তত পাকিস্তানকে এশিয়া কাপে দেখতে পাচ্ছি না।”

তিনি আরও উল্লেখ করেন যে, পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গাভাস্কার বলেন, “দুই দেশের মধ্যে উত্তেজনা থাকলে একসঙ্গে খেলা কঠিন। তাই এসিসি ভেঙে গেলে আমি অবাক হব না। ভারতের পাশাপাশি বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এবং অন্য একটি দেশকে নিয়ে প্রতিযোগিতা হতে পারে।”

এদিকে, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত সরকার, যার ফলে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিসিসিআই-এর সহসভাপতি রাজীব শুক্লাও জানিয়েছেন, ভারত কখনো পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না।

মতামত দিন