ফিনালিসিমা অনিশ্চিত, প্রস্তুতির বিকল্পে সেনেগালের দিকে ঝুঁকছে আর্জেন্টিনা।
২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে ফিনালিসিমা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় প্রস্তুতি পরিকল্পনায় পরিবর্তন আনছে আর্জেন্টিনা। বড় মঞ্চের আগে প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চায় না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা ফুটবল সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বছরের মার্চে আফ্রিকার শক্তিশালী দল সেনেগালের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে তারা। এ লক্ষ্যে সেনেগাল ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে, যার ইতিবাচক সাড়া দিয়েছে লায়ন্স অব তেরেঙ্গা।
মূলত ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচটি এখনো সময়সূচি না পাওয়ায় ঝুলে আছে। এই অনিশ্চয়তার মধ্যেই বিশ্বকাপের আগে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার বিকল্প হিসেবে সেনেগালকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা।
সেনেগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, আর্জেন্টিনার প্রস্তাব পাওয়ার পর তারা দ্রুত সম্মতি দিয়েছে এবং মার্চে ম্যাচ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। সবকিছু চূড়ান্ত হলে সাদিও মানের দলের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
এদিকে আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। অন্যদিকে সেনেগাল পড়েছে কঠিন গ্রুপে—ফ্রান্স ও নরওয়ের সঙ্গে তাদের লড়াই করতে হবে। গ্রুপের বাকি একটি স্থান পূরণ হবে বলিভিয়া, সুরিনাম ও ইরাকের মধ্যকার প্লে-অফ জয়ী দলের মাধ্যমে।
মতামত দিন