১৪ বছর পর কলকাতায় মেসি, গভীর রাতে বিমানবন্দরে উন্মাদনা।
শেষবার ২০১১ সালে কলকাতার মাটিতে পা রেখেছিল আর্জেন্টিনা ফুটবল দল। ভেনেজুয়েলার বিপক্ষে সেই প্রীতি ম্যাচে অধিনায়ক ছিলেন লিওনেল মেসি।
শুক্রবার গভীর রাতে কলকাতা পৌঁছান লিওনেল মেসি। তিন দিনের সফরে তিনি ভারতে এসেছেন। এই সফরে তার সঙ্গে রয়েছেন ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেস এবং রদ্রিগো দে পল।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ২টা ২৬ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন আর্জেন্টাইন মহাতারকা। গভীর রাত হলেও বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন শত শত সমর্থক। হাতে ভারত ও আর্জেন্টিনার পতাকা, মুখে ‘মেসি, মেসি’ স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
মেসি যখন রাত ৩টা ৩২ মিনিটে বিমানবন্দরের ৪ নম্বর গেট দিয়ে বের হন, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ঝলক দেখতে সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হয়।
বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে যান মেসি। সেখানেও রাতভর অপেক্ষা করেন অসংখ্য ভক্ত। এদিকে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, একই রাতে শহরে পৌঁছান বলিউড অভিনেতা শাহরুখ খান। ব্যক্তিগত বিমানে কলকাতা আসা এই অভিনেতার সঙ্গে আজ একই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে মেসির।
আজ সকাল থেকেই ব্যস্ত সূচি অপেক্ষা করছে বিশ্বকাপজয়ী অধিনায়কের জন্য। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত থাকবে ‘মিট অ্যান্ড গ্রিট’ পর্ব। এরপর ভার্চুয়ালি উন্মোচন করবেন নিজের ৭০ ফুট উচ্চতার একটি মূর্তি।
সকাল ১১টা ১৫ মিনিটে হোটেল থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের উদ্দেশে রওনা দেবেন মেসি। সেখানে সাড়ে ১১টায় যোগ দেওয়ার কথা শাহরুখ খানের। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গাঙ্গুলির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে একটি সেলিব্রিটি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ।
সংবর্ধনা ও সংক্ষিপ্ত আলাপ পর্ব শেষে দুপুর ২টার দিকে হায়দরাবাদের উদ্দেশে কলকাতা ছাড়বেন মেসি। এরপর হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে সময় কাটিয়ে ১৫ ডিসেম্বর রাতে তার ভারত সফর শেষ হওয়ার কথা।
মতামত দিন